রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র এবং চোরাই মালামালসহ শফিকুল ইসলাম (২২) ও শরীফ (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ওসমান মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় তারা শফিকুল ইসলাম ও শরীফকে আটক করেন। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর শেখেরটেক এলাকার ৭ সাত নম্বর রোডের ৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখানে পুলিশ বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন ধরনের ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফটের মালামাল এবং ইলেকট্রনিক্স টেস্টিং ডিভাইস উদ্ধার করে।
আটকরা স্বীকার করেছে যে, তারা ধারালো অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ছিনতাই করতো এবং সেই মালামাল এখানে লুকিয়ে রাখতো।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে তারা শহিদুল ইসলাম নামের একজনের সঙ্গে কাজ করার বিষয়টি স্বীকার করেছে। চোরাই মালামালগুলো শহিদুল ইসলামের বাসায় রাখা হতো। পরে শহিদুল ইসলামের বাসায় অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যান।
এই ঘটনার ভিত্তিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সিন্ডিকেটটি ধ্বংস করার জন্য আরও তদন্ত চালাচ্ছে।