খালেদা জিয়ার জন্যই শুধু এসএসএফ নিরাপত্তা: রিজওয়ানা হাসান

0
34

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর এসএসএফ নিরাপত্তা কেবল তার জন্যই প্রযোজ্য হয়েছে—তার পরিবারের অন্য সদস্যদের জন্য নয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রিজওয়ানা হাসান বলেন, “ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য। পরিবারের অন্য কেউ এ সুবিধার আওতায় পড়েন না।”

ব্রিফিংয়ে তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি আইন সংশোধন ও একটি নতুন অধ্যাদেশ অনুমোদিত হয়েছে।
এর মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধন এনে—

  • ডাকযোগে ভোট (পোস্টাল ভোট) সাধারণ ভোটের সঙ্গে একই সময়ে গণনা, এবং

  • একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল—
    এ মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ৫ সদস্যবিশিষ্ট পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদিত হয়েছে। এই কমিশন পুলিশের পেশাগত অনিয়ম, অভিযোগ এবং জনবান্ধব কার্যক্রম তদারক করে সরকারকে সুপারিশ দেবে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে এসএসএফ ও পিজিআর সদস্যদের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে ২ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তাকে ভিভিআইপি ঘোষণা করা হয় বলে জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।