ঢাকায় পৌঁছালেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান

0
46

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছেন তার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, “উনি ১০টা ৪০ মিনিটে বিমানবন্দরে পৌঁছান। আনুষ্ঠানিকতা শেষে সরাসরি এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে তার।”

জানা গেছে, ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্য থেকে ফিরেছেন শাশুড়ি খালেদা জিয়ার সার্বিক শারীরিক পরিস্থিতি তদারকি করতে এবং প্রয়োজন হলে তার বিদেশযাত্রায় সঙ্গী হতে। প্রায় ১৭ বছর পর গত মে মাসে তিনি দেশে এলেও, এবার অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে নিতে তার আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে জুবাইদার আগমনের পরও খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে জটিলতা কাটেনি। শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানোর কথা থাকা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত দিনে ঢাকায় আসছে না।

তিনি জানান, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। তবে যাত্রা সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।

মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।”