লন্ডন-দিল্লিতে বসে আর রাজনীতি নয়, দেশে এসে করতে হবে: ডাকসু ভিপি 

0
42

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম মন্তব্য করেছেন যে, লন্ডনে বা দিল্লিতে বসে আর কোনো রাজনীতি করা যাবে না; রাজনীতি করতে হলে এ দেশে এসে করতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠে ঠাকুরগাঁও ৩ আসনের যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘তারুণ্যের উৎসবে’ প্রধান আকর্ষণের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম অভিযোগ করেন, ঠাকুরগাঁও বিমানবন্দর বন্ধ হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। তিনি বলেন, বিগত ৫৪ বছরে ঠাকুরগাঁওয়ের জনমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তিনি এর জন্য নেতৃত্বের অযোগ্যতা, দুর্নীতি এবং ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণেই উত্তরবঙ্গের মাটি ও মানুষের কোনো উন্নতি হয়নি বলে মনে করেন।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে সাদিক কায়েম বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক দলগুলো যা পারেনি, তরুণেরা সেটি করে দেখিয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে সুন্দর বাংলাদেশ গড়ার একটি সুযোগ তৈরি হয়েছে, যা কাজে লাগাতে হবে।

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, ফ্যাসিস্টরা দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাসহ কৃষি খাতকে ধ্বংস করে দিয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদের বিজয়ী করার আহ্বান জানান তিনি, যারা কথা ও কাজে মিল রাখবেন এবং জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান মাষ্টার। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা, ঠাকুরগাঁও ২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন এবং অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই তারুণ্যের উৎসবে জামায়াতে ইসলামীসহ দলটির জেলা-উপজেলার বিভিন্ন স্তরের দুই সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।