হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম এই আদেশ জারি করেন। তিনি জানান, বুধবার দুপুর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে, তবে পরিস্থিতি বিবেচনায় এ সময়সীমা বাড়ানো হতে পারে।
ইউএনও রেজাউল করিম বলেন, “সংঘর্ষে আক্রান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং বন্ধ থাকবে।”
পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুহিন সওদাগর এবং ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হান্নান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি কুহিন সওদাগরের বাবাকে নিয়ে হান্নান পক্ষের কয়েকজন ফেসবুকে স্ট্যাটাস দিলে উত্তেজনা বাড়ে। এর জেরে সোমবার রাতে উভয়পক্ষ প্রথম দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়দের হস্তক্ষেপে তখন পরিস্থিতি কিছুটা থেমে যায়।
পরে মঙ্গলবার সকালে আবারও উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কাকাইলছেও গ্রামের ছোরত আলীর ছেলে ব্যবসায়ী রাসেল মিয়া (৪৫) মারাত্মকভাবে আহত হন এবং পরে মারা যান। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”