জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল টাকাসহ আটক

0
5
জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল টাকাসহ আটক

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারো বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেফতার হয়েছেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪৭)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, বুধবার দুপুর ১২টার দিকে আগের একটি জাল টাকার মামলায় হাজিরা দিতে রফিকুল ইসলাম আদালতে আসেন। তিনি তার আইনজীবীর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের নোটের পাঁচটি বান্ডিলে মোট ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম এর আগেও জাল নোটসহ তিনবার গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে জাল টাকা ও চেক জালিয়াতির অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

আটকের পর রফিকুল ইসলাম দাবি করেন, আদালতে হাজিরা দিতে আসার সময় তার সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি টাকাভর্তি ব্যাগ তার কাছে রেখে পালিয়ে যান।

ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, জাল নোট উদ্ধারের ঘটনায় এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া জাল নোটের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here