কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল জুটের গুদাম, দুটি মিনি কারখানা ও কলোনি

0
72

গাজীপুরের কোনাবাড়ীতে ভোরে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি জুটের গুদাম, পাশের দুটি মিনি কারখানা ও একটি কলোনি। ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে, তবে কেউ হতাহত হননি।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগের ফকির মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, প্রথমে এলাকাটির একটি জুটের গুদামে আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখে ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা দুটি মিনি কারখানা ও একটি কলোনিতে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, “কোনাবাড়ীর আমবাগ এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আমাদের চারটি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনের কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।