হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের ৩ দিনের রিমান্ড

0
46

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। এর আগে পল্টন থানার উপপরিদর্শক সামিম হাসান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে হাজির করেন। প্রাথমিকভাবে কারাগারে পাঠানোর আবেদন করা হলেও পরে চারটি যুক্তিতে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

র‍্যাব-২ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ল-৫৪-৬৩৭৫ শনাক্ত করা হয়। বিআরটিএর তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটির মালিক মো. আব্দুল হান্নান। পরবর্তীতে ডিএমপি মোটরসাইকেলটি জব্দ করে।

ডিএমপি আরও জানায়, এ ঘটনায় দুই সন্দেহভাজন—আলমগীর শেখ ও ফয়সাল মাসুদকে শনাক্ত করা হয়েছে। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। ইমিগ্রেশন সূত্রের তথ্য অনুযায়ী, তারা এখনো দেশত্যাগ করেনি এবং দেশের ভেতরেই অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।