বলিউডের বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় রোববারে আয় দিয়ে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা টু’-এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ মুক্তির দ্বিতীয় রোববারে বক্স অফিসে আয় করেছিল ৫৪ কোটি রুপি। সেখানে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ একই দিনে ৫৮ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়ে।
‘পুষ্পা টু’ মুক্তির পর সালমান খান ও আমির খানের মতো বলিউডের বড় সুপারস্টারদের ছবি মুক্তি পেলেও এ ধরনের সাফল্য পায়নি। সেই তুলনায় রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ বর্তমানে বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে চলছে।
মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ভারতে সিনেমাটি আয় করেছে মোট ৩৫১ কোটি ৬১ লাখ রুপি। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন অভিনীত এই ছবিটি দ্বিতীয় সপ্তাহান্তে একাই আয় করেছে প্রায় ১১১ কোটি রুপি।
বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, সামনে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় বড়দিন ও নববর্ষের ছুটির পুরো সুবিধা পাবে ‘ধুরন্ধর’। ফলে খুব দ্রুতই সিনেমাটি ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে আশা করা হচ্ছে।