আজ মহান বিজয় দিবস: গৌরব, শ্রদ্ধা ও উদযাপনের দিন

0
256

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির শৌর্যবীর্য, ত্যাগ ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিজয়ের আনন্দে উদ্বেলিত গোটা জাতি।

রাষ্ট্রীয় শ্রদ্ধা ও কর্মসূচি

দিবসটির সূচনায় সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বাণীতে বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক করতে হবে। একই সঙ্গে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বলেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে, তা রক্ষার শপথ নেওয়ার দিন আজ।

সামরিক ও সাংস্কৃতিক আয়োজন

বিজয় দিবস উপলক্ষে সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী তেজগাঁও পুরাতন বিমানবন্দরে ফ্লাই-পাস্ট প্রদর্শন করবে। ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শনীতে অংশ নেবেন, যা নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে।

এ ছাড়া দেশব্যাপী পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর উদ্যোগে ব্যান্ড শো অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক নানা আয়োজন থাকবে।

রাজনৈতিক দলের কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।

বিএনপি সকাল ৬টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

জামায়াতে ইসলামী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথন বা র‍্যালির আয়োজন করেছে, যেখানে নেতৃত্ব দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

এনসিপি সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে আগ্রাসনবিরোধী যাত্রার কর্মসূচি ঘোষণা করেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি বিকেলে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেবেন। পাশাপাশি দেশজুড়ে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।