‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৯২

0
38

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ২৪ ঘণ্টায় ৩৯২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ৩৭৭ জনকেও আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান কার্যক্রমের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, জননিরাপত্তা জোরদার করতে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে প্রবেশ ও বহির্গমনের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসব চেকপোস্টে পরিচালিত তল্লাশি অভিযানে বিভিন্ন ধরনের মোট ৭৬৯টি যানবাহন তল্লাশি করা হয় এবং এ সময় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।