‘তোমাকে বিদায় দিতে আসিনি, তুমি বুকেই আছো’—হাদির জানাজায় প্রধান উপদেষ্টা

0
89

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজার আগে বক্তব্যে তিনি বলেন, ‘প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি, তুমি আমাদের বুকের ভেতর আছো। তোমার মন্ত্র আমাদের কানে চিরদিন বাজবে।’

প্রধান উপদেষ্টা হাদির অকুতোভয় চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তোমার মন্ত্র ছিল ‘বল বীর চির উন্নত মম শির’। আমরা দুনিয়ার কাছে কোনোদিন মাথা নত করব না। তোমার সেই আদর্শ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমরা সবাই অনুসরণ করব।” হাদির নির্বাচনী আকাঙ্ক্ষার কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে। মানুষের কাছে যাওয়ার যে শিক্ষা তুমি দিয়ে গেছো, দেশবাসী তা মনে রাখবে। তুমি হারিয়ে যাবে না, পুরো দেশ আজ তোমার স্বপ্ন পূরণের ওয়াদা করছে।’

এর আগে আজ সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মরদেহ পুনরায় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় এবং গোসল শেষে একটি বিশাল শোক মিছিলের মাধ্যমে মানিক মিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সহযোদ্ধা ও হাজারো সাধারণ মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচার চলাকালে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে এসে পৌঁছায় এবং আজ তাকে শেষ বিদায় জানাল জাতি।