আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা আজ, রবিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।
ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, এই সভার আগে দুপুর ১২ টায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করবেন।
ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই সভায় অন্যান্য নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন।
সভার আলোচ্য সূচি: নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম।
প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণ বিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সাথে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা।
বিবিধ বিষয়ে আলোচনা।
শনিবার (২০ ডিসেম্বর) মো. রুহুল আমিন মল্লিক আরও জানান, দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হওয়ার পর সভাশেষে বেজমেন্টে গণমাধ্যমে এ বিষয়ে ব্রিফিং করা হবে।