প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: আরও ৯ জনকে গ্রেফতার করল ডিবি

0
42

রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত আরও ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামলার ঘটনায় দায়েরকৃত মামলাগুলোর তদন্ত ও অভিযান পরিচালনা করে নতুন করে এই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২৬ জনে। এর আগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছিল এবং ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ জনকে শনাক্ত করার কথা জানিয়েছিল ডিএমপি।

উল্লেখ্য, কাওরান বাজারে দুই শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার পর তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে করা একটি মামলায় ৫০০ জন এবং অন্য মামলায় ৪০০ জনকে আসামি করা হয়।

ডিএমপি জানিয়েছে, সংবাদপত্রের কার্যালয়ে হামলার মতো ন্যাক্কারজনক ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে হামলার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।