বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বেশ কিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরামর্শ দিয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন পর্যন্ত আসবেন।
এই উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হতে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হবে। সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার স্বার্থে ডিএমপি সংশ্লিষ্ট সবাইকে কিছু নির্দেশনা প্রতিপালন করার জন্য অনুরোধ করেছে।
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হতে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থান এবং সংবর্ধনা স্থান হতে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় অভ্যর্থনাকারীদেরকে তারেক রহমানের গমনাগমনের সময় গাড়িবহর চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা ছেড়ে দিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও আগামীকাল ভোর ৪টা হতে রাত ১০টা পর্যন্ত মহাখালী হতে আব্দুল্লাহপুর এবং কুড়িল হতে মন্ডল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে পরিহার করে নিম্নলিখিত বিকল্প রাস্তাসমূহ ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে:
আব্দুল্লাহপুর থেকে: আব্দুল্লাহপুর-কামারপাড়া-ধউর ব্রীজ-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করা যাবে।
উত্তরা ও মিরপুরবাসীদের জন্য: এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২নং সেক্টর খালপাড়-মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন হতে ১৮ নং সেক্টর-পঞ্চবটি হয়ে মিরপুর বেঁড়িবাধ হয়ে চলাচল করতে পারবেন।
গুলশান, বাড্ডা ও প্রগতি স্মরণী এলাকার যাত্রীদের জন্য: কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে চলাচল করা যেতে পারে।
মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহন: মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারবে।
কাঞ্চনব্রীজ হতে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আগত যানবাহন: এক্সপ্রেসওয়ের মঙ্গল হতে বামে টার্ন নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতর দিয়ে (এম ব্লক, স্বদেশ প্রোপার্টি লিঃ এর পাশের রাস্তা) মাদানী এভিনিউ হয়ে চলাচল করতে পারবে।
তেজগাঁও-মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে যানবাহন: মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নীচের রাস্তা দিয়ে উত্তরা এলাকায় চলাচল করতে পারবে।
যাত্রীগণ বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর গমনাগমনকারী ট্রেনসমূহ ব্যবহার করতে পারেন।
বিশেষ অনুরোধসমূহের মধ্যে রয়েছে:
সম্মানিত হজযাত্রীসহ বিদেশগামী যাত্রী সাধারণকে এয়ারপোর্ট গমনাগমনের ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে বাসা হতে বের হতে অনুরোধ করা হয়েছে।
মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।
অভ্যর্থনাকারী ব্যক্তিগণকে কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে।
অভ্যর্থনাকারী ব্যক্তিগণ কোনো যানবাহন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরে যুক্ত হতে পারবেন না।
মোটরসাইকেল নিয়ে কোনো ক্রমেই গুলশান, বনানী হতে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান করতে বা মোটরসাইকেলযোগে জনতার মধ্য দিয়ে চলতে পারবেন না।
জরুরী পরিসেবায় ব্যবহৃত যানবাহন (অ্যাম্বুলেন্স/ফায়ার সার্ভিস ইত্যাদি) উক্ত নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বিদেশগমনকারী যাত্রীগণের সাথে এয়ার টিকেট থাকতে হবে এবং যাত্রীদের সাথে কোনো সহযোগী থাকবে না।
নতুন বাজার হতে গুলশান-২ গামী এবং গুলশান-২ হতে নতুন বাজারগামী রাস্তা পরিহার করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

