১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান: সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে ঢাকার পথে

0
44

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘আকাশবীণা’ (ফ্লাইট বিজি-২০২) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়া এই ফ্লাইটটি সিলেটে নির্ধারিত সময়েই এসে পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি এবং তাবাসসুম ফারহানা। তারেক রহমানের ফিরে আসার সংবাদে সিলেট ও ঢাকাসহ সারা দেশের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

জানা গেছে, ফ্লাইট ছাড়ার কয়েক ঘণ্টা আগেই লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন বিএনপির এই শীর্ষ নেতা। দীর্ঘ প্রায় দেড় যুগ পর সপরিবারে তার এই দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সিলেটে তারেক রহমানকে একনজর দেখার জন্য বিমানবন্দর এলাকায় প্রচুর সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মী ভিড় জমিয়েছেন। ঢাকায় পৌঁছানোর পর তাকে বড় ধরনের সংবর্ধনা দেওয়ার সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।