দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে অবশেষে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বিমান থেকে নেমে তিনি প্রথমে দেশের মাটি স্পর্শ করেন এবং সিজদাহ দিয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও আলিঙ্গন শেষে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন। তার শাশুড়ি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ‘বাংলাদেশ’ লেখা একটি লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে করে তিনি রাজধানীর ৩০০ ফিট সড়কের উদ্দেশ্যে রওনা হন। সেখানে আয়োজিত বিশাল গণসংবর্ধনা মঞ্চে বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি পৌঁছান।
উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহর অশেষ কৃপায় আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।” তার আগমনে বিমানবন্দর এলাকা থেকে শুরু করে সংবর্ধনাস্থল পর্যন্ত নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারে করে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার সকালে সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি ঢাকায় পৌঁছান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।