সাভার জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

0
55

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হলেও, স্মৃতিসৌধের নিয়মানুযায়ী সূর্যাস্তের আগে শ্রদ্ধা জানাতে হয় বলে বিকেল ৫টা ৬ মিনিটে তার পক্ষে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করা হয়।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে দলের প্রতিষ্ঠাতা ও বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করে তিনি সাভারের পথে রওনা হন।

তারেক রহমানের পক্ষে যারা শ্রদ্ধা নিবেদন করেন, তাদের মধ্যে ছিলেন—বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায়, আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, মেজর জেনারেল (অব.) আইয়ুব খান, ফজলে এলাহী আকবর এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে সরকারের পক্ষ থেকে পূর্ণ আয়োজন সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, মহান জাতীয় স্মৃতিসৌধ বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এদিকে, তারেক রহমানের আগমন ঘিরে স্মৃতিসৌধ এলাকাটি সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছে। একইসঙ্গে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স বৃহস্পতিবার পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োজিত রাখা হয়।