জমকালো আয়োজনে ২০২৬ সালকে স্বাগত জানাল সংযুক্ত আরব আমিরাত

0
75

বর্ণাঢ্য আতশবাজি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ইংরেজি নতুন বছর ২০২৬ বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের বুর্জ খলিফা, ডাউনটাউন এলাকা, আটলান্টিস দ্য পাম, বুর্জ আল আরব, ব্লুওয়াটার্স আইল্যান্ডসহ বিভিন্ন স্থানে ছিল চোখ ধাঁধানো আয়োজন।

বুধবার রাত ঠিক ১২টায় বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে কেন্দ্র করে শুরু হয় বিশাল আতশবাজির প্রদর্শনী। বুর্জ খলিফার নির্মাতা প্রতিষ্ঠান ইমার প্রপার্টিজের আয়োজনে সংগীতের তালে তালে আতশবাজি ও আলোকসজ্জার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীরা।

বুর্জ খলিফার সামনে বাঁধানো চত্বরে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়সহ নানা দেশের পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার সঙ্গে সঙ্গে বুর্জ খলিফার গায়ে ভেসে ওঠে নানা রঙের আলো, যা মুহূর্তেই দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে।

মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ পাম জুমেইরাহ এবং ‘দ্য ওয়ার্ল্ড’ দ্বীপপুঞ্জের আকাশেও দেখা যায় মনোমুগ্ধকর আতশবাজির ঝলক, যা পুরো পরিবেশকে করে তোলে উৎসবমুখর।

নববর্ষ উপলক্ষে ১ জানুয়ারি এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আমিরাতের সব শহর সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়। দুবাইয়ের প্রধান সড়ক, সুউচ্চ ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বেলুন ও বিভিন্ন রঙের বাতিতে সাজিয়ে তোলা হয়।

এদিকে বড় বড় শপিং মলগুলোতেও ছিল উৎসবের আমেজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতেই মূলত এমন ব্যাপক ও জমকালো আয়োজন করা হয়েছে।