বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মধ্যরাতে খাবারের খোঁজে হলের বাইরে যাওয়ার সময় স্থানীয়দের অতর্কিত হামলার শিকার হয়েছেন কয়েকজন শিক্ষার্থী। এতে ঈশা খাঁ হলের চারজন এবং মাওলানা ভাসানী হলের একজনসহ মোট পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেষমোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন সিয়াম (পশুপালন অনুষদ, তৃতীয় বর্ষ), অন্তর ও ইমন (ভেটেরিনারি অনুষদ, দ্বিতীয় বর্ষ), তানভীর (কৃষি অনুষদ, প্রথম বর্ষ) এবং প্রিয় (কৃষি অর্থনীতি অনুষদ, দ্বিতীয় বর্ষ)। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন বহিরাগত ঈশা খাঁ হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাদের চোর সন্দেহে আটক করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে হল কর্তৃপক্ষের হস্তক্ষেপে বহিরাগতদের ছেড়ে দেওয়া হলেও বিষয়টি নিয়ে উত্তেজনা থেকে যায়। রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা শেষমোড় এলাকায় খাবার খেতে গেলে স্থানীয়রা তাদের বাধা দেয়। একপর্যায়ে বহিরাগতরা ইট-পাটকেল ও লোহার পাইপ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং আরেকজনের নাক গুরুতরভাবে জখম হয়।
এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, রাতের খাবার খেতে তারা নিয়মিত যেভাবে শেষমোড়ের দিকে যান, সেদিনও সেভাবেই যাচ্ছিলেন। হঠাৎ স্থানীয়রা পথ আটকায় এবং কারণ জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে ইট ছোড়া শুরু করে। সামনে এগোতেই একজন শিক্ষার্থীকে লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়মনসিংহ কোতোয়ালি থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং বর্তমানে এলাকায় অভিযান চলছে। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।