পৌনে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

0
50

ঘন কুয়াশার কারণে দীর্ঘ পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৭টা ১০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দেয়। এর আগে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় গত রাত ১২টা ২৫ মিনিট থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর উভয় পাড়ে শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কনকনে শীতের রাতে মাঝনদীতে ও ঘাট এলাকায় আটকে পড়া যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী ও শিশুরা খোলা জায়গায় প্রচণ্ড ঠান্ডায় সীমাহীন কষ্টের শিকার হন।

ফেরি চলাচল শুরু হওয়ার পর অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে, যার ফলে যাত্রী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন নিশ্চিত করেছেন যে, নিরাপত্তার স্বার্থেই রাতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।