আইনজীবী কিবরিয়া হত্যা: মূল অভিযুক্ত জোবায়ের পাপ্পু গ্রেপ্তার

0
46

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাঈম কিবরিয়া হত্যার ঘটনায় অভিযুক্ত মূল আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১ এর একটি দল গুলশান বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জোবায়ের হোসেন পাপ্পু ফরিদপুর কোতোয়ালি আনন্দনগরের পরমান্দপুরের বদরুল ইসলাম স্বপনের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একজোড়া হাতমোজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান জানান, গত ১৭ ডিসেম্বর ভুক্তভোগী নাঈম কিবরিয়া (৩৫) তার আত্মীয় রাকিবুল ইসলাম শামীমের নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন, গত ৩১ ডিসেম্বর রাত ১১টার দিকে রাকিবুল ইসলাম শামীম জানতে পারেন যে রাত ৯টার দিকে কিবরিয়া তার ব্যবসায়িক পার্টনার মোতালেব মিয়ার প্রাইভেটকার নিয়ে ভাটারা এলাকায় বেড়াতে বের হলে অজ্ঞাতনামা একটি মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগার বিষয়কে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হয়।

এসময় অন্য মোটরবাইকে থাকা অজ্ঞাতনামা আসামিরা ভাটারা এলাকায় নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে আঘাত করে। পরে ওই রাত পৌনে ১১টায় রাকিবুল ইসলাম বসুন্ধরা আবাসিক এলাকার ঘটনাস্থল আই ব্লকের ওয়াল্টন বাড়ী সংলগ্ন ১৫ নং রোডের মাথা থেকে কিবরিয়াকে উদ্ধার করেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির নামে ভাটারা থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-০১/১) দায়ের করেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে র‌্যাব-১ হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করে। তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই ডিএমপির ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান আরও জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোবায়ের হোসেন পাপ্পু ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। একই ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।