ব্রিজিত ম্যাক্রঁকে নিয়ে বিদ্বেষমূলক মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে ১০ জনের সাজা

0
41

ফ্রান্সের ফার্স্টলেডি ব্রিজিত ম্যাক্রঁকে নিয়ে অনলাইনে বিদ্বেষমূলক মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে প্যারিসের একটি আদালত ১০ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিত্তিহীন গুজব ছড়ানো হয়েছিল যে ব্রিজিত ম্যাক্রঁ জন্মগতভাবে একজন ‘পুরুষ’ ছিলেন।

দণ্ডপ্রাপ্ত এই ১০ জনের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী রয়েছেন, যাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। এদের মধ্যে স্কুলশিক্ষক, আর্ট গ্যালারির মালিক এবং একজন ধর্ম প্রচারকও অন্তর্ভুক্ত।

আদালত এই ১০ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এই সাজার মধ্যে রয়েছে অনলাইন হয়রানি বন্ধে বাধ্যতামূলক সচেতনতামূলক কোর্সে অংশগ্রহণ থেকে শুরু করে সর্বোচ্চ আট মাসের স্থগিত কারাদণ্ড। এ ছাড়া, বিচার চলাকালে আদালতে অনুপস্থিত থাকা এক আবাসন ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত কয়েকজনের ওপর সামাজিক মাধ্যম ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান