এবার ভেনেজুয়েলা থেকে তেল আনার ঘোষণা দিলেন ট্রাম্প

0
39

সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে আনার ঘোষণার পর এবার দেশটির জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রাম্প তার পোস্টে বলেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের এ বিষয়ে সমঝোতা হয়েছে। এর অংশ হিসেবে প্রথম চালানে ভেনেজুয়েলা থেকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আন্তর্জাতিক বাজারে প্রচলিত দরে এই তেল বিক্রি করা হবে বলেও জানান তিনি।

ভেনেজুয়েলার তেলের ওপর যুক্তরাষ্ট্রের একাধিক নিষেধাজ্ঞা থাকায় দেশটি আন্তর্জাতিক বাজারে মুক্তভাবে তেল বিক্রি করতে পারছে না। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা থেকে স্টোরেজ জাহাজে করে সরাসরি তেল যুক্তরাষ্ট্রে আনা হবে এবং দেশটির বন্দরে খালাসের পর আন্তর্জাতিক বাজারমূল্যে বিক্রি করা হবে। তার ভাষায়, এই পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা—উভয় দেশের জনগণের জন্যই লাভজনক হবে। তিনি যুক্তরাষ্ট্রের জ্বালানিসম্পদমন্ত্রী ক্রিস রাইটকে দ্রুত পরিকল্পনাটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে আরও তথ্য জানতে হোয়াইট হাউসে যোগাযোগ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার তেল পাঠাতে সম্মত হয়েছে এবং ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, দেশটির খনিগুলোতে অন্তত ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে, যা বিশ্বে মোট মজুতের প্রায় এক-পঞ্চমাংশ।

তবে এত বিপুল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন তুলনামূলকভাবে কম। দেশটি প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে, যা আন্তর্জাতিক বাজারে দৈনিক মোট অপরিশোধিত তেল সরবরাহের মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ।

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল তুলনামূলকভাবে ভারী ও ঘন হওয়ায় এর উত্তোলন ও পরিশোধন প্রক্রিয়ায় বাড়তি যত্ন প্রয়োজন হয়। তবে এই তেল পরিশোধনের মাধ্যমে উন্নতমানের ডিজেল, অ্যাসফল্ট, শিল্পকারখানা ও ভারী যন্ত্রপাতিতে ব্যবহারের উপযোগী বিভিন্ন ধরনের জ্বালানিপণ্য উৎপাদন করা সম্ভব।