তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর বিএনপিতে যোগ দিলেন এনসিপি নেতা আরশাদুল

0
48

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী নেতা মীর আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি দলটিতে যোগদান করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যোগদানের পূর্বে আরশাদুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। প্রায় ১০ মিনিটের ওই সাক্ষাতে তিনি দেশ গঠনে তারেক রহমানের ভিশন ও পরিকল্পনার প্রতি আস্থা প্রকাশ করেন এবং তা বাস্তবায়নে কাজ করার আগ্রহ জানান। জবাবে তারেক রহমান তাকে স্বাগত জানিয়ে বলেন, ‘লেটস রিবিল্ড দ্য কান্ট্রি।’ এরপর তিনি দলের প্রাথমিক সদস্য পদের ফরম পূরণ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন। এ সময় বিএনপি মহাসচিব তাকে তরুণ সমাজ নিয়ে কাজ করার নির্দেশনা দেন এবং দল যে দায়িত্ব দেবে তা পালনের প্রতিশ্রুতি দেন আরশাদুল।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সহসভাপতি আরশাদুল হক ছাত্রজীবনে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। এনসিপিতে থাকাকালীন তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নির্বাহী কাউন্সিলের সদস্যসহ দলের মিডিয়া সেল, শৃঙ্খলা কমিটি এবং পরিবেশ সেলের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি দলটির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক হিসেবেও কাজ করেছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছিলেন আরশাদুল হক। তবে নির্বাচনের আগে গত ২৫ ডিসেম্বর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন এবং এবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে নাম লেখালেন।