উত্তরবঙ্গের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান

0
50

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) থেকে দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলায় চার দিনব্যাপী এক সফরে যাচ্ছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের সই করা এক চিঠিতে এই সফরের বিস্তারিত তথ্য জানানো হয়। সফরটি আগামী ১৪ জানুয়ারি ঢাকায় ফেরার মধ্য দিয়ে শেষ হবে।

সফরের চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন এবং ওই দিন বগুড়ায় রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরের তৃতীয় দিন ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে যাত্রা শুরু করে তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন এবং ওই রাতে রংপুরে অবস্থান করবেন। সবশেষে ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

এই সফরের কর্মসূচির মধ্যে রয়েছে প্রখ্যাত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ এবং তৈয়বা মজুমদারসহ জুলাই অভ্যুত্থানে নিহত ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ। এ ছাড়া তিনি আন্দোলনে আহত হওয়া যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ও তাদের খোঁজখবর নেবেন।

সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, তারেক রহমানের এই সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের জারি করা কোনো আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সফরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।