জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি ও জিএস পদে শিবিরের প্যানেল এগিয়ে

0
45

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ শুরু করে। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভিপি পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম ৩ হাজার ৩৬৪ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৩ হাজার ১৩ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন একই প্যানেলের আবদুল আলীম আরিফ। তিনি পেয়েছেন ৩ হাজার ৪৮২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৩৭৯ ভোট। এছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা ৩ হাজার ১০৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলাম তানজীল থেকে এগিয়ে আছেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল থেকে ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি, সিএসই, ফিন্যান্স, মার্কেটিং, আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং ইংরেজিসহ মোট ২৬টি কেন্দ্রের ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ, আনিসুর রহমান ও কানিজ ফাতেমা কাকলী।

কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা এখনও চলছে এবং প্রাপ্তি সাপেক্ষে সেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।