র‍্যাব পরিচয়ে ডাকাতি: সরঞ্জামসহ চক্রের দুই সদস্য গ্রেফতার

0
68

মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি করা একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দুটি র‍্যাবের কটি (পোশাক), একটি পিস্তলের কভার, দুটি ওয়াকিটকির চার্জার এবং লুণ্ঠিত ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর জেলার দক্ষিণ গাবতলী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আ. রহমান মেহেদী (৩৬) এবং পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর কাজড় এলাকার নুর ইসলামের ছেলে মো. রাসেল (৩৮)। তারা দীর্ঘদিন ধরে ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ২৪ ডিসেম্বর শ্রীনগর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে নেমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীনগর থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় এই চক্রটির সন্ধান পায়। বুধবার রাতে প্রথমে যাত্রাবাড়ী এলাকা থেকে মেহেদীকে গ্রেফতার করা হয় এবং তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে লুণ্ঠিত টাকা ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী এলাকা থেকে সহযোগী রাসেলকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই চক্রের সদস্যরা র‍্যাবের ছদ্মবেশে সাধারণ মানুষের ওপর হামলা ও ডাকাতি করে আসছিল। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ইতোমধ্যে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।