একটি কমলার দাম দুই লাখ টাকা

0
129

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। এই কমলাটি কোনো হাটে নয় বিক্রি হয়েছে ওয়াজ মাহফিলের নিলামে।

শনিবার (২৯ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ উপজেলার ৬নং ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদরাসার ওয়াজ মাহফিলে নিলাম ডাকে দুই লাখ টাকায় বিক্রি হয়েছে কমলাটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গোলাপগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদরাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানী (রহ.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার জন্য একটি কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। পাঁচ হাজার টাকায় কমলার নিলাম ডাক শুরু হওয়ার পর প্রায় ৩০ মিনিট পর দুই লাখ টাকা দামে বিক্রি হয় কমলাটি।

মাহফিলে কমলাটি দুই লাখ টাকায় কিনে নেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জামিয়াতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ ইয়ামিন। এ টাকা মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

এদিকে দুই লাখ টাকায় কমলা বিক্রির বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মাহফিলে প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে একটি কমলার নিলাম ডাক শুরু হয়। এরপর একজন ১০ হাজার টাকা দাম করেন। এরপর ১১ হাজার, ১২ হাজার দাম করা হয়। প্রায় ২৫ মিনিট পর এই কমলার দাম হয় দুই লাখ টাকা। গোলাপগঞ্জের যুক্তরাষ্ট্রপ্রবাসী মাওলানা হাফিজ ইয়ামিন নগদ টাকায় কমলাটি কিনে নেন। তিনিও এই মাহফিলে আগত মেহমান ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here