দিয়াজের টানা পাঁচ ম্যাচে গোল, ২০ পর সেমিফাইনালে মরক্কো

0
34

আফ্রিকা কাপ অব নেশনসে দুর্দান্ত ছন্দে আছেন ব্রাহিম দিয়াজ। কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে ২-০ গোলের জয়ে আবারও গোল করে মহাদেশীয় এই প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। এর মাধ্যমে আফ্রিকা কাপের ইতিহাসে মরক্কোর হয়ে প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন তিনি। এই জয়ের ফলে ২০০৪ সালের পর প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক মরক্কো।

রাবাতে অনুষ্ঠিত ম্যাচের ২৬ মিনিটে দিয়াজের গোলেই এগিয়ে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে মিডফিল্ডার ইসমাইল সাইবারি ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচে মাত্র তিনটি শট অন টার্গেটে রেখে দুটিতেই গোল আদায় করে নেয় মরক্কো, যা তাদের আক্রমণভাগের কার্যকারিতাই তুলে ধরে।

অন্যদিকে ম্যাচজুড়ে পাঁচবারের আফ্রিকা চ্যাম্পিয়ন ক্যামেরুন কাঙ্ক্ষিত আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয়। বিরতির পর একবার পেনাল্টির দাবি তুললেও রেফারি তা নাকচ করে দেন। মরক্কোর বক্সে ক্যামেরুন তারকা ব্রায়ান এমবেউমো ফাউলের শিকার হয়েছেন বলে মনে করা হলেও সিদ্ধান্ত তাদের পক্ষে যায়নি। পুরো ম্যাচে ক্যামেরুন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে একবারও পরীক্ষায় ফেলতে পারেনি।

তবে জয়ের রাতে মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজও পড়েছে। ম্যাচসেরা দিয়াজ ৯০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ওপেন প্লে থেকে মরক্কোর জালে কোনো গোল হজম হয়নি—সেমিফাইনালের আগে যা তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

মরক্কোর সেমিফাইনাল প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ রাতে আলজেরিয়া ও নাইজেরিয়ার কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষে। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী বুধবার রাতে সেমিফাইনালে খেলবে মরক্কো।

অন্যদিকে তাঞ্জিয়ারে অনুষ্ঠিত আরেক কোয়ার্টার ফাইনালে মালিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সেনেগাল। গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে ২৭ মিনিটে একমাত্র গোলটি করেন ইলিমান এনদিয়ায়ে। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক ইয়েভেস বিসোউমা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে মালি ১০ জনে পরিণত হয়।

কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি আজ রাতে আগাদিরে অনুষ্ঠিত হবে, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টের মুখোমুখি হবে মিসর। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী বুধবার তাঞ্জিয়ারে সেমিফাইনালে খেলবে সেনেগাল।