১১ দলীয় জোট অটুট আছে, ভাঙার প্রশ্নই নেই: জামায়াত নেতা

0
58

১১ দলীয় রাজনৈতিক জোট অটুট রয়েছে এবং তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিটের নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জোট ছিল, জোট আছে এবং জোট অব্যাহত থাকবে। জোট ভাঙবে—এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি।”

তিনি জানান, পূর্বনির্ধারিত একটি সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে লিয়াজোঁ কমিটিতে আলোচনা চলছে। শিগগিরই সাংবাদিকদের সামনে এসে সর্বশেষ আপডেট জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

জোটে টানাপোড়েন রয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের মিত্র দলগুলোর নেতারাও স্পষ্টভাবে বলেছেন, তারা জোটে আছেন। আমাদের পক্ষ থেকেও একই কথা—জোট নিয়ে কোনো সমস্যা নেই।”

আসন সমঝোতা নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনি প্রক্রিয়ার এখনও একাধিক ধাপ বাকি রয়েছে। আপিল শুনানি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরু হবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

তিনি আরও বলেন, “কিছু আসন নিয়ে আলোচনা চূড়ান্ত হতে একটু সময় লাগছে। ইনশাআল্লাহ, দু-এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।”

জোট টিকিয়ে রাখতে জামায়াত ছাড় দিচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা চলছে। পাঁচ দল থেকে শুরু হয়ে আট দল এবং পরে ১১ দলে রূপ নেওয়ার কারণে আসন সমঝোতায় সময় লাগছে। তবে সব দলই সর্বোচ্চ উদারতা, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের সঙ্গে ভূমিকা রাখছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জোট ভাঙার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না।”