টেকনাফে নৌবাহিনীর যৌথ অভিযানে ৮০ হাজার ইয়াবা জব্দ

0
66

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে লেদা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় কয়েকটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি শুরু করলে ইয়াবা বহনকারী একটি অটোরিকশার চালক গাড়িটি রাস্তার ঢালে ফেলে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে পালিয়ে যায়। পরে চালকবিহীন অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

এ সময় ইয়াবা বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।