আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, নিজে প্রার্থী না হলেও ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থানের পক্ষে মাঠে থাকবেন এবং সমঝোতার প্রার্থীদের হয়ে প্রচারণায় অংশ নেবেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তিনি রাজনৈতিক শরিক দলগুলোর নেতা-কর্মীদের সংযম ও সৌহার্দ বজায় রাখার আহ্বান জানান।
স্ট্যাটাসে রাশেদ প্রধান উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত ৮টায় ঐক্যের আসন সমঝোতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তিনি বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক দলগুলো রাজপথের সহযোদ্ধা এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দলের নেতা-কর্মী ও সমর্থকদের একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও ভাষা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
নিজ সিদ্ধান্ত ব্যাখ্যা করে তিনি বলেন, ঐক্যের বৃহত্তর স্বার্থে তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না। তবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। তিনি আরও বলেন, ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও ঐক্য বেশি গুরুত্বপূর্ণ—তাই কেউ যেন মন খারাপ না করেন। পাশাপাশি সমালোচকদের উদ্দেশে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, তারা চাইলে তাদের ‘চিরাচরিত ভাষায়’ সমালোচনা চালিয়ে যেতে পারেন।