নাঙ্গলকোটে গোষ্ঠীগত দ্বন্দ্বে প্রকাশ্য দিবালোকে ২ জনকে গুলি করে হত্যা

0
34

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামে গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের ঠিক আগে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন—ছালেহ আহম্মদ (৫০) ও নয়ন (৪০)। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলিয়ারা গ্রামে ছালেহ আহম্মদ গ্রুপ ও সুরোজ মিয়া গ্রুপের মধ্যে বংশপরম্পরায় বিরোধ চলে আসছিল। এই শত্রুতার জের ধরে গত বছরের ৩ আগস্ট সুরোজ মিয়ার ছেলে ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন মেম্বারকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। আজ দুপুরে সেই রেশ ধরেই উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জুমার নামাজের আগমুহূর্তে গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয় এবং গুলিতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।