ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ঢাকায় একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে এক কোটি টাকা বিশেষ অনুদান দেওয়ার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহে আরও এক কোটি টাকা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের বিষয়ে দুটি আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি হলো অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য এক কোটি টাকা অনুদান দেওয়া হবে। অপরটি হলো প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নগদ এক কোটি টাকা দেওয়া হবে, যা পরিবারের জীবিকা নির্বাহে ব্যয় হবে।
তিনি জানান, ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ নামের আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার জন্য এই অনুদান দেওয়া হচ্ছে। এর আগে মঙ্গলবার অর্থ বিভাগের উপস্থাপিত সংশ্লিষ্ট নথিপত্র অর্থ উপদেষ্টা অনুমোদন করেন। সরকারি অনুদানের অর্থে কেনা এই ফ্ল্যাটটি ব্যবহার করবেন শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানরা।
অর্থ বিভাগের সূত্র জানায়, হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান দিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অর্থ বিভাগ অনুদান প্রদানের প্রস্তাব অনুমোদন করে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।