ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

0
54

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা কলেজের সামনে চলমান আন্দোলনস্থলে মোবাইল ফোনে এই তথ্য শিক্ষার্থীদের জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

ঘটনাস্থলে দেখা যায়, শিক্ষা উপদেষ্টা সরাসরি ফোন করে অধ্যাদেশ অনুমোদনের খবর জানানোর পরপরই আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। খবর শুনে অনেক শিক্ষার্থী একে অপরকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ আনন্দে কেঁদে ফেলেন। এ সময় আন্দোলনস্থলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ধরে স্লোগানও দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, দেড় বছরের আন্দোলন আজ সফল হয়েছে। তিনি জানান, শিক্ষা উপদেষ্টা নিজে তাকে ফোন করে নিশ্চিত করেছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে।