প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি

0
27

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব জেলায় পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি, সেখানে একাধিক ইন্টারভিউ বোর্ড গঠন করে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়েছে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে:

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি, আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেট ও সম্পর্ক সনদের সত্যায়িত কপি জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

এছাড়া শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের সনদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের সনদ জমা দিতে হবে।

জমা দেওয়ার শেষ সময়:

সব কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে আগামী ২৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। কাগজপত্র জমার পর প্রার্থীদের প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। এ সময় ফটোকপির পাশাপাশি মূল সনদ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রদর্শন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের সব মূল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।