সাভারের ছয় হত্যাকাণ্ড: গ্রেফতার সম্রাটের অতীত অপরাধের আরও তথ্য প্রকাশ

0
33

সাভারের আলোচিত ছয় হত্যাকাণ্ডে গ্রেফতার মশিউর রহমান সম্রাট ওরফে সবুজ শেখের বিরুদ্ধে অতীতের আরও গুরুতর অপরাধের তথ্য প্রকাশ করেছে পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন শুক্রবার (২৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সম্রাট এর আগেও একটি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং মাদক মামলায় দুইবার গ্রেফতার হন। ওসি হেলাল উদ্দিন বলেন, ২০১৪ সালের ৫ মার্চ সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর শাপলা হাউজিং এলাকা থেকে জোবায়ের ওরফে শাওন নামে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় সম্রাটকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। তখন তিনি ‘টাইগার সম্রাট’ নাম ব্যবহার করতেন এবং তার ঠিকানা ছিল আরমানিটোলা, বংশাল।

এ ছাড়া ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি ও ২৬ এপ্রিল পৃথক দুটি মাদক মামলায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সম্রাট বিভিন্ন সময় একাধিক ঠিকানা ব্যবহার করতেন। বর্তমানে তার বিরুদ্ধে মোট আটটি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে একটি পুরনো হত্যা মামলা ও দুটি মাদক মামলা অন্তর্ভুক্ত।

পুলিশ সূত্রে আরও জানা যায়, ২০২৫ সালের ৪ জুলাই সাভার মডেল মসজিদের পাশে ৭৫ বছর বয়সী আসমা বেগমের লাশ উদ্ধার করা হয়। এরপর ২৯ আগস্ট রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া যায়। ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টার থেকে অর্ধনগ্ন অবস্থায় এক নারী (৩০) এবং ১৯ ডিসেম্বর থানার রোড এলাকার পরিত্যক্ত একটি কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার শৌচাগার থেকে এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। এসব ঘটনায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সবশেষে, রবিবার (১৮ জানুয়ারি) সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুই জনের পোড়া লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।