তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন : আসিফ মাহমুদ

0
45

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত নির্ধারিত থাকলেও তিনি মধ্যরাতেও মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নির্বাচনী পরিচালনা কমিটির বৈঠক শেষে রাজধানীতে এনসিপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি শুধু নিজেরাই আচরণবিধি লঙ্ঘন করছে না, অন্যদেরও নিয়ম ভাঙতে উৎসাহিত করছে। তিনি অভিযোগ করেন, প্রার্থীরা আচরণবিধি অমান্য করে পোস্টার ব্যবহার করছেন। এ ছাড়া এবারের নির্বাচনেও আগের মতো সেনাবাহিনীকে ভোটকেন্দ্রের বাইরে রাখার সিদ্ধান্তকে তিনি আশঙ্কাজনক বলে মন্তব্য করেন। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র আরও বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন যদি এসব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, যা নির্বাচন প্রক্রিয়ার জন্য বড় ধরনের শঙ্কার বিষয়।