নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্য ও কর্মকাণ্ড ‘নোংরামি’ ও সংঘাত উসকে দেওয়ার চেষ্টা: আব্দুল কাদের

0
36

নাসীরুদ্দীন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডকে ‘নোংরামি’ এবং ‘ইচ্ছাকৃতভাবে সংঘাত উসকে দেওয়ার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন আব্দুল কাদের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আব্দুল কাদের অভিযোগ করেন, ব্যক্তিস্বার্থে নাসীরুদ্দীন পাটোয়ারী শহীদ ওসমান হাদীকে ‘বিক্রি’ করছেন এবং ৫ আগস্টের পর আবারও পুরোনো রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন, যা দেশের মানুষ কখনোই চায় না।

তিনি লেখেন, নাসীরুদ্দীন পাটোয়ারী নিজেকে আন্দোলনের গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে আন্দোলনে তার এমন কোনো ভূমিকা তারা দেখেননি। আব্দুল কাদেরের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই বাংলামোটরের বিয়াম ভবনে আসিফ, নাহিদ ও মাহফুজের সঙ্গে আন্দোলনে যুক্তদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ১৯ জুলাই থেকে আন্দোলনে যুক্ত জুনিয়র লেয়ারের সদস্যরা নাসীরুদ্দীন পাটোয়ারীর ভূমিকা ও দায়িত্বপ্রাপ্তি নিয়ে গুরুতর আপত্তি তোলেন।

তার ভাষ্য অনুযায়ী, বৈঠকে প্রশ্ন ওঠে—কোথা থেকে এসে নাসীরুদ্দীন পাটোয়ারী লিয়াজোঁ কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন এবং তার অতীত রাজনৈতিক ইতিহাস বিবেচনায় তাকে বিশ্বাস করার কোনো যুক্তিসংগত ভিত্তি আছে কি না।

আব্দুল কাদের আরও উল্লেখ করেন, নাসীরুদ্দীন পাটোয়ারী অতীতে শিবির, ছাত্র ফেডারেশন ও এবি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে আসার ইতিহাস রয়েছে, যা নতুন রাজনৈতিক উদ্যোগের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

পোস্টে বলা হয়, আন্দোলনে নাসীরুদ্দীন পাটোয়ারীর অবদান সম্পর্কে নাহিদ জানান—আন্দোলনের সময় একদিন তিনি নাহিদকে আশ্রয় দিয়েছিলেন এবং ডিআরইউতে সংবাদ সম্মেলনের দিন সহায়তা করেছিলেন। তবে আব্দুল কাদের প্রশ্ন তোলেন, এতটুকু অবদান এবং বিতর্কিত অতীত বিবেচনায় তাকে লিয়াজোঁ কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক ছিল।

তিনি জানান, সে সময় নাহিদসহ অন্যরা যুক্তি দিয়েছিলেন—নাসীরুদ্দীন পাটোয়ারী একজন সিনিয়র ব্যক্তি এবং তার অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন। বৈঠকে নাসীরুদ্দীন পাটোয়ারী ভবিষ্যতে সংগঠন ভাঙনের রাজনীতিতে জড়াবেন না বলেও অঙ্গীকার করেছিলেন বলে দাবি করা হয়।

তবে বর্তমান কর্মকাণ্ডে সেই অঙ্গীকারের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন আব্দুল কাদের। পোস্টের শেষাংশে হতাশা প্রকাশ করে তিনি লেখেন, এখন এসে সেই অঙ্গীকারের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না—যা সত্যিই দুঃখজনক।