ক্রিকেট-রাজনীতি নিয়ে যা বললেন মিশা সওদাগর

0
51

ক্রিকেট এবং রাজনীতির বর্তমান প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনা করেছেন ঢাকাই চলচ্চিত্রের জ্যেষ্ঠ অভিনেতা মিশা সওদাগর। বিনোদন জগতের পরিচিত মুখ হলেও খেলার মাঠে অনিয়ম ও রাজনীতির প্রভাব নিয়ে এবার সরব হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের ক্রিকেট, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান এবং খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন এই অভিনেতা।

মিশা সওদাগর বলেন, ক্রিকেট আর রাজনীতি এক করা যায় না। তার মতে, খেলাধুলা জাতীয় ঐক্যের জায়গা; সেখানে রাজনীতির অনুপ্রবেশ ঘটলে পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে এবং খেলোয়াড়দের মনোবল ভেঙে যায়। তিনি দাবি করেন, শিল্প ও ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাই জরুরি।

জাতীয় দলে মেধার মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিগত কারণে কোনো মেধাবী ক্রিকেটারকে যেন দল থেকে দূরে রাখা না হয়। সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটারদের উদাহরণ দিয়ে তিনি বলেন, যাদের সামর্থ্য আছে, দেশ ও পতাকার স্বার্থে তাদের সর্বোচ্চ সুযোগ দেওয়া উচিত।

এ সময় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মিশা। তিনি বলেন, রাজনৈতিক কারণে আইপিএলসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি বিসিসিআই-এর আচরণ সমালোচনার যোগ্য এবং এ বিষয়ে তিনি ‘ধিক্কার’ জানান। তার মতে, বড় দলগুলোর এমন আধিপত্য ক্রিকেটের স্পিরিট নষ্ট করছে।

২০২৬ সালের বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়েও তিনি আবেগ প্রকাশ করেন। মিশা সওদাগরের ভাষ্য, বিশ্বকাপ বাংলাদেশের জন্য এক ধরনের উৎসব এবং এ আসরে দেশকে তিনি খুব মিস করবেন।

মিশার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেক ভক্ত তার বক্তব্যকে ‘সাহসি’ বলে উল্লেখ করছেন।