১৪ বছর পরে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে আগামীকাল

0
42

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশে সরাসরি যাত্রা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৬২ আসনের প্রথম ফ্লাইট। রাত ৮টায় নির্ধারিত ঢাকা-করাচি উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্বোধনী ফ্লাইটটি টানা প্রায় তিন ঘণ্টা আকাশে ওড়ার পর করাচিতে অবতরণ করবে।

বিমানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১২ সালে ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে রুটটি পুনরায় চালুর বিষয়টি আবার আলোচনায় আসে।

সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশকে এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে অনুমোদনটি ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এবং পরবর্তীতে তা পুনর্বিবেচনা হতে পারে। নতুন অনুমোদনের আওতায় বাংলাদেশি এয়ারলাইন্স নির্ধারিত রুট অনুসরণ করে পাকিস্তানের আকাশসীমাও ব্যবহার করতে পারবে।

পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশকে অনুমোদিত রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং করাচি বিমানবন্দরে ফ্লাইটটির জন্য আলাদা একটি স্লট নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা থেকে উড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের প্রয়োজনীয় বিস্তারিত তথ্য জানাতে হবে এবং অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা বিধি যথাযথভাবে নিশ্চিত করতে হবে।

কর্মকর্তাদের প্রত্যাশা, এই সরাসরি ফ্লাইট দুই দেশের যাত্রী চলাচল এবং পারস্পরিক যোগাযোগে ইতিবাচক প্রভাব ফেলবে।