তারেক রহমানের পাশে বসা নিয়ে ভাইরাল ভিডিও: ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি রাকিব

0
32

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে মঞ্চে বসাকে কেন্দ্র করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে নানা আলোচনা শুরু হলে বুধবার নিজের অবস্থান জানিয়ে ফেসবুকে ব্যাখ্যা দেন রাকিব।

ফেসবুক পোস্টে রাকিব জানান, তার জন্মস্থান ময়মনসিংহ হওয়ায় গত ২৭ জানুয়ারি ময়মনসিংহের নির্বাচনী জনসভায় তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই তাকে ডেকে পাশে বসতে নির্দেশ দেন। তিনি বলেন, কেডস পরিহিত থাকায় পা ভাঁজ করে বসতে অসুবিধা হচ্ছিল। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন তাকে সুবিধাজনকভাবে চেয়ারের সামনে পা দুলিয়ে বসার অনুরোধ জানান। পরে তারেক রহমানের অনুমতি নিয়ে তিনি সামনে গিয়ে বসেন বলে উল্লেখ করেন রাকিব।

তিনি আরও বলেন, স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, পাঁচটি জেলা বিএনপির সভাপতি এবং ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত থাকলেও তাকে বিশেষভাবে ছাত্রদল সভাপতি হিসেবে ডেকে পাশে বসতে বলা হয়েছিল—এটি তার কাছে সম্মানের। তবে মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে “ভিন্ন ন্যারেটিভ” তৈরির অভিযোগ করেন তিনি। এ কারণে তিনি মূল ভিডিও আপলোড করেছেন বলেও জানান।

পোস্টে রাকিব আরও লেখেন, জিয়া পরিবার নির্যাতিত ও মজলুমদের আশ্রয়স্থল এবং ত্যাগী নেতা-কর্মীদের শ্রম-ঘামের মূল্যায়ন করে। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরেছেন মাত্র এক মাস হয়েছে, তাই ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তার “ভিশন” বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।