পৌনে দুই মাস পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

0
38

দীর্ঘ প্রায় পৌনে দুই মাস বিরতির পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২৮ জানুয়ারি) পর্যন্ত মোট ১ হাজার ১৩৬ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল বাংলাদেশে প্রবেশ করেছে।

পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানির অনুমতি পাওয়ার পর ২৪ জানুয়ারি প্রথম দফায় ৭টি ট্রাকে ৩১৯ মেট্রিক টন চাল আসে। পরে ২৭ জানুয়ারি ৫টি ট্রাকে ২২০ মেট্রিক টন এবং ২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আরও ১৫টি ট্রাকে ৫৯৭ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, প্রকারভেদে আমদানি করা এসব চালের প্রতি কেজিতে গড় ব্যয় পড়েছে আনুমানিক ৫০ থেকে ৭০ টাকা।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, গত তিন দিনে ভারত থেকে ছয়টি আমদানিকারক প্রতিষ্ঠান সাতটি চালানের মাধ্যমে এই চাল আমদানি করেছে। তিনি জানান, সর্বশেষ গত বছরের ৩ ডিসেম্বর এই বন্দর দিয়ে ৫৬৩ দশমিক ৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। এরপর দীর্ঘ সময় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম বন্ধ ছিল।