ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবরের মধ্যে পাকিস্তান সতর্কতা জারি করেছে। এ পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থল সীমান্তে যাত্রীদের স্ক্রিনিং আরও জোরদার করার নির্দেশ দিয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বড় আকারের ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে নিপাহ ভাইরাস সংক্রমিত হতে পারে। সে কারণে পাকিস্তানে আগত সব যাত্রী ও ট্রানজিট যাত্রীদের বিমানবন্দর, বন্দর এবং স্থল সীমান্তে পরীক্ষা করা হবে।
মন্ত্রণালয় আরও জানায়, কোনো যাত্রীর মধ্যে সন্দেহজনক উপসর্গ দেখা গেলে তাকে তাৎক্ষণিকভাবে আইসোলেশনে নেওয়া হবে। তবে এখন পর্যন্ত পাকিস্তানে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি বলেও জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসে ৫টি আক্রান্তের ঘটনা রিপোর্ট হয়েছে। একই সঙ্গে কর্মকর্তারা জানান, নিপাহ শনাক্তে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে প্রয়োজনীয় ডায়াগনস্টিক সুবিধা রয়েছে।