স্কটল্যান্ডকে ৯০ রানে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

0
33
স্কটল্যান্ডকে ৯০ রানে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

বিশ্বকাপের আগে নিজেদের সামর্থ্যের বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার নেপালের কীর্তিপুরে সুপার সিক্স পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ৯০ রানের বড় জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতায় খেলতে থাকা ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস গড়ে তোলেন শক্ত ভিত। উদ্বোধনী জুটিতে আসে ৬৭ রান। দিলারা ৩৯ রান করে আউট হন এবং জুয়াইরিয়া ২২ রান যোগ করেন।

মাঝের ওভারে কিছুটা ধীরগতির পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির ব্যাটে আবার গতি পায় বাংলাদেশের ইনিংস। জ্যোতি ৩৫ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন, আর মোস্তারি ২৩ বলে করেন ৪৭। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান, যা টি-টোয়েন্টিতে তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করেন মারুফা আক্তার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানেই থামে স্কটল্যান্ড। তাদের হয়ে পিপা স্প্রাউল সর্বোচ্চ ২৭ এবং মেগান ম্যাককল ২০ রান করেন। বাংলাদেশের বোলিংয়ে মারুফা নেন ৩ উইকেট, স্বর্ণা আক্তার পান ২টি।

এই জয়ে রানের ব্যবধানে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জয় হিসেবে উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকল। পাশাপাশি চলতি বাছাইপর্বে অপরাজিত থাকার ধারাও বজায় রাখল দলটি। এর আগে টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল।