‘জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায়’: চরমোনাই পীর

0
48
‘জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায়’: চরমোনাই পীর

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ‘ইনসাফ’ বাস্তবায়ন করতে চায়। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালিয়েও ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন হয়নি। সেই একই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করা হবে—এ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি—বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।”

তার বক্তব্যে তিনি আরও দাবি করেন, জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী শরিয়ায় দেশ চালাবে না, ক্ষমতায় গেলে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। একই সঙ্গে তিনি বলেন, জামায়াতের এক প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন—জামায়াত কোনো ইসলামী দল নয়।

চরমোনাই পীর আরও বলেন, যারা ক্ষমতায় গেলে কোন নীতি-আদর্শে দেশ চালাবে—তা নিয়ে জনগণের জবাব জানা দরকার। তিনি অভিযোগ করেন, যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়ে ‘বেগম পাড়া’ তৈরি হয়েছে এবং রাস্তায় নামার পর মানুষ গুম-খুনের শিকার হয়েছে—সেই নীতিতেই দেশ চালানোর চেষ্টা করা হচ্ছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, তারা যেন একত্র হয়ে হাতপাখা প্রতীকে ভোট দেন।

জনসভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খালেদ সাইফুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।