নবীনগরে দুর্বৃত্তদের আগুনে বিএনপির ইউনিয়ন কার্যালয় পুড়ে ছাই

0
27
নবীনগরে দুর্বৃত্তদের আগুনে বিএনপির ইউনিয়ন কার্যালয় পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিএনপির একটি ইউনিয়ন কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে উপজেলা বিএনপি।

রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নাটঘর বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে দুর্বৃত্তরা নাটঘর বাজারে ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও চারটি দোকানে। প্রায় এক ঘণ্টাব্যাপী আগুনে কার্যালয়সহ দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার খবর পেয়ে সোমবার সকালে কার্যালয় পরিদর্শনে যান ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষের প্রার্থী এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা বিএনপির নেতাকর্মীদের নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছে এবং তাদের অফিসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন ব্যানার ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে এসব অভিযোগ সম্পর্কে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে তার সাড়া পাওয়া যায়নি।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।