কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।
বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিরমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।
কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কুষ্টিয়া জেলা কারাগারে আসেন। তিনি বিচারাধীন আসামি ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাকে কারাগারের হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। ভোরে হাসপাতালের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎ আলীর মৃত্যু হয়। বর্তমানে মরদেহ মর্গে রয়েছে এবং কিছু সময়ের মধ্যে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।