বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন।
গত রবিবার ও সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিশেষ করে রাউজানের সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্পগুলোতে তিনি সরেজমিনে পরিদর্শন পরিচালনা করেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কঠোর নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বিজিবি একটি শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনের সময় অর্পিত যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত। ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বাহিনীর মূল লক্ষ্য।
বিজিবি প্রধান চট্টগ্রামের স্থানীয় সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সমন্বয় সভা করেন। তিনি জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। বিজিবি সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং চট্টগ্রাম রিজিয়ন কমান্ডারসহ স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।